কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপন করেন তিনি।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ জানুয়ারি কয়লা বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন শেষে একটি জনসভা করার জন্য সফরসূচি নির্ধারণ করা ছিল। তবে আকাশে ঘন কুয়াশা এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জনসভা বাতিল করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর রবিবার (২৮ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করার জন্য সময় নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়। এ সময় জেলার সংসদ সদস্য ছাড়াও শীর্ষ রাজনৈতিক নেতারা ও স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই