মুরাদনগর উপজেলায় নিখোঁজের তিনদিন পর মৎস্য ব্যাবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে পাচঁপুকুরিয়া গ্রামের নিজ মৎস্য খামারের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মৎস ব্যবসায়ী মোস্তাক মিয়া (৩৮) ওই গ্রামের রেশো মিয়া ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাক বুধবার দুপুরে তার মৎস্য খামারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে ফিরে না আসায় মোস্তাকের স্ত্রী পারভীন আক্তার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পান। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করা হয়।
না পেয়ে পরদিন বৃহস্পতিবার তার স্ত্রী জিডি করেন। নিখোঁজের তিনদিন পর শনিবার রাত সাড়ে ৭টায় মোস্তাকের মৎস্য খামারের পাশে তার গলাকাটা লাশ দেখতে পায় পাহারাদাররা। পুলিশে খবর দিলে মুরাদনগর থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, মোস্তাকের লাশ রবিবার সকালে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি