পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা অনেক : স্বরাষ্ট্রমন্ত্রী

 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের গৃহীত ‘কৌশলগত পরিকল্পনা ২০১৮-২০২০’ আগামী তিন বছরে বাস্তবায়িত হলে পুলিশ আরো দক্ষ, গণমুখী ও শক্তিশালী হবে।
 
আজ রবিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ আয়োজিত ‘কৌশলগত পরিকল্পনা ২০১৮-২০২০’ গৃহীত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
 
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের এই কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, এটি সফলভাবে বাস্তবায়িত হলে পুলিশ জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করতে পারবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন বছর মেয়াদি এ নতুন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আইনের প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা, অপরাধ হ্রাস, জননিরাপত্তা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক সেবাধর্মী হিসেবে গড়ে তুলবে।
 
তিনি আরো বলেন, আমাদের পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা অনেক। সাধারণ মানুষসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছে দেশের এ আইন-শৃঙ্খলা বাহিনী।
 
নতুন এই পরিকল্পনাকে মিশন আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।অতীতে পুলিশ সন্ত্রাস ও জঙ্গি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতার পরিচয় দিয়েছে। আশা করছি ঐকান্তিক চেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।
 
ইত্তেফাক/কেকে