বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হলে তাকে মুক্তি দেয়ার আগেই সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আপনারা জেল দেবেন, দেন। ভাবছেন আমরা কান্না-কাটি করুম, না। কান্নাকাটি করুম না। ঘরে বসে থাকবো? না,বলে দিতে চাই, বেগম খালেদা জিয়ার মুক্তির আগে আপনাদের (সরকার) পতন ঘটাব। সরকারের পতন হলেই এবার খালেদা জিয়া মুক্ত, সরকারের পতন হলে এবার বাংলাদেশের মানুষ মুক্ত হবে।
রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এ আলোচনার আয়োজন করে।
গয়েশ্বর বলেন, বিএনপি সরব হলে সিডরের চেয়েও ভয়ঙ্কর হবে। বিএনপি নেতাদের জেলে নিয়ে কিছুদিন থামিয়ে রাখতে পারবেন কিন্তু বেশীদিন তা পারবেন না। সরকারের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতার দাম্ভিকতা ছেড়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গণতন্ত্র হত্যা করলে আপনি টিকে থাকতে পারবেন না। আঘাতের আগে পাল্টা আঘাতের চিন্তা করবেন।
তিনি বলেন, ক্ষমতাসীনদের অপকর্মের কারণেই বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই তাদের সামর্থ্য নেই বলেই বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক তারা সেটা চায় না। সভায় আরও বক্তব্য দেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, আয়োজক সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন লাবু প্রমুখ।
ইত্তেফাক/এমআই