মিরপুর হাসপাতালে নতুন এক্সরে মেশিন ১০ বছর যাবত প্যাকেটবন্দি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন জনসেবার পরিবর্তে যেন জনভোগান্তি কেন্দ্রে পরিণত হয়েছে। সরকারি সহায়তা যথাযথ থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

১০ বছরের বেশি সময় আগে হাসপাতালটির জন্য অত্যাধুনিক ৩শ এম এ শক্তি সম্পন্ন একটি এক্সরে মেশিন বরাদ্দ করা হয়। সেটি প্যাকেটজাত অবস্থায়ই ষ্টোররুমের জায়গা দখল করে পড়ে রয়েছে।

পুরাতন এম্বুলেন্সটি বাতিল হওয়ার এক বছরের বেশি সময় পর নতুন বছরের ২ জানুয়ারি নতুন একটি এ্যাম্বুলেন্স বরাদ্দ হলেও ড্রাইভারের পদ শূন্য থাকায় সেটিরও ব্যবহার হচ্ছে না।

আবার হাসপাতালটিতে ২টি ইসিজি মেসিন ও একটি আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও লোকবলের অভাবে সেগুলোও জনস্বার্থে কোন কাজে আসছে না। সাথে চিকিতসক সংকট তো রয়েছেই। আর এভাবেই চলছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএএফপিও ডাঃ সেলিম হোসেন ফারাজি বলেন, বিষয়গুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনকে জানানো হয়েছে। অচিরেই সমাধান হবে।

ইত্তেফাক/নূহু