পয়লা বোশেখ

 

পয়লা বোশেখ কী শোভাময়,

           আলোয় ভরা দিন,

কোথায় পাবে দিনটি এমন

            আনন্দে রঙিন।

এমন দিনে কামাল-কমল

            সবাই একাকার,

রবীন্দ্র আর রবিউলে

            নেই ভেদাভেদ আর।

আজ মমতা আর মমতাজ

            একসাথে ফুল তোলে,

ফারা-জারা একইসাথে

             দোলনা তাতে দোলে।

রুহুল-রাহুল, নবী-নবীন

             করছে ছুটাছুটি,

আলিয়া কয়, আলী দাদা

             আম পেড়ে দাও দুটি।

হাজেরা শেখ-শিখা হাজরা

             মিলল এসে মেলায়,

কাদের-কেদার, জোসেফ-ইউসুফ

             মাতে নানা খেলায়।

আয়েশা কয়, আয় রে এষা

            পুঁতির মালা কিনি,

চলতে গিয়ে পায়ের নূপুর

             বাজে রিনিঝিনি।

নানা ধর্ম-পেশার মানুষ

            মেলায় মিলল এসে,

বটতলার এই মেলায় সবাই

            কথা বলছে হেসে।

সবাই সবার বন্ধু ওরা

            ফেলনা তো নয় কেউ,

চারদিকেতে বইছে শুধু

           আনন্দেরই ঢেউ।