‘জনস্বার্থ মামলার রায়’ বই এর মোড়ক উম্মোচন

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ পরিচালিত রিট মামলার বিভিন্ন রায় সংকলন নিয়ে ‘জনস্বার্থ মামলার রায়’ গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটরিয়ামে সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জনস্বার্থের মামলার রায় বই আকারে  প্রকাশ হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে আইনজীবীরা উপকৃত হবেন।
 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মনজিল মোরসেদ বলেন, জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের দেয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ৪৭টি মামলার রায় বইটিতে স্থান পেয়ছে। হাক্কানি পাবলিসার্স বইটি প্রকাশ করে। মোড়ক উম্মোচন এর পর ৪ দিন সুপ্রিম কোর্ট বার ভবনে ডিসকাউন্ট মূল্যে বইটি সংগ্রহ করা যাবে। 
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং সিনিয়র আইনজীবী এবিএম নুরুল ইসলাম। বক্তারা জনস্বার্থের মামলার রায় দেয়ায় বিচারকদের প্রশংসা করেন এবং সমাজের অনিয়ম দূর করতে জনস্বার্থের মামলা দায়েরের মাধ্যমে মনজিল মোরসেদ প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) ভুমিকার প্রশংসা করেন। এ সময় হাইকোর্ট এর বিচারপতি ও সুপ্রিম কোর্ট এর আইনজীবীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেআই