স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছে ইসি

 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র এবং উত্তর ও দক্ষিণ সিটির ১৮টি করে নতুন ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ গতকাল বলেন, ‘কমিশন এ বিষয়ে হাইকোর্টের রুলের জবাব দেওয়ার পাশাপাশি স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করারও সিদ্ধান্ত নিয়েছে। আপিলের জন্য আইনজীবীও নিয়োগ করা হয়েছে।
 
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে আপিল করবে কিনা তা নির্বাচন সচিবালয়ের কর্মকর্তারা বলতে পারছেন না। এ সচিবালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, আপিলের রায়ে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার হলে নির্বাচন কমিশন এ নির্বাচনের কার্যক্রম আবারও শুরু করবে। সে ক্ষেত্রে যারা এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না
 
এর আগে গত ২৪ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ব্যর্থ নয়। আমরা আইনগতভাবে তফসিল ঘোষণা করেছি। আদালতের স্থগিতাদেশের সত্যায়িত কপি আমরা পেয়েছি। আলোচনা করে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
 
হাইকোর্টের আদেশের পর রিটকারী পক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব ভুঁইয়া সাংবাদিকদের বলেছিলেন, হাইকোর্ট নির্বাচনী তফসিল তিন মাসের জন্য স্থগিত করেছে। তবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচন ছয় মাস এবং দক্ষিণ সিটির কাউন্সিলর পদের নির্বাচনের উপর চার মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন আদালত। আগে আমরা ঢাকা উত্তর সিটির রায়ের পর বাদী পক্ষের আইনজীবীর সার্টিফিকেট কপি পেয়েছিলাম। সেখানে কতদিনের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা উল্লেখ ছিল না।
 
ইত্তেফাক/আনিসুর