মানুষের স্বাভাবিক আবেগের অন্যতম অনুষঙ্গ হলো রাগ। অতিরিক্ত রাগ সম্পর্কের অবনতি ঘটায়, অন্যের কাছে অপ্রিয় করে তোলে আপনাকে। শুধু তা-ই নয়, শরীরেও কিন্তু এর বাজে প্রভাব পড়ে।
যাদের অতিরিক্ত রেগে যাওয়ার প্রবণতা আছে, তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। এবার রাগ কমাতে পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
রাগ কমানোর পার্কে, যেখানে একঘেয়েমি আর অবসাদ কাটানোর নানা ব্যবস্থা রয়েছে। পার্কটির নাম দেয়া হয়েছে, ‘গোস্বা নিবারণী পার্ক’। ঢাকায় ওসমানী উদ্যানের ২৯ একর জায়গার ওপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করা হবে।
IMG0
গত শনিবার এই পার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। মেয়র বলেন, অনেক সময় মান, অভিমান, গোস্বা হয়ে থাকে। এই পার্কে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে।
এখানে জলের আধার আছে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এলে মানুষের গোস্বা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এটি গোস্বা নিবারণী পার্ক।
৯ থেকে ১০ মাসের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষে হবে বলে জানিয়েছেন মেয়র। পুরো পার্কের চারদিক খোলা থাকবে। মেয়র বলেন, এই পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য আলাদা জোন, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরোনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে।
ইত্তেফাক/আনিসুর