ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়নের কালুক্ষেত্র বড়তলা এলাকায় অটোচার্জার গাড়ির ধাক্কায় বিথি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
বিথি সদর উপজেলার ইয়াকুব পুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিথি স্কুল ছুটি হওয়ার পরে বাসায় যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে একটি অটোচার্জার শিশুটিকে জোরে ধাক্কা দেয়। বাজারের লোকজন বিথিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কালুক্ষেত্র বাজার এলাকার লোকজন অটোচার্জার গাড়িটি ভাঙচুর করে চালককে আটকে রাখে। এসময় উত্তেজিত জনগণ রাস্তায় গাছের গুড়ি দিয়ে প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও অটোচার্জার গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। অটোচার্জার গাড়ির চালক সাত্তারকে (৫৫) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসএস