নড়াইলে খামারে অগ্নিকাণ্ডে দেড়শ' ছাগলের মৃত্যু

 
নড়াইলের পল্লীতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ছাগলের খামারে অগ্নিকাণ্ডে প্রায় দেড়শ' ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাত ২টার দিকে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের ভাউড়িরচর গ্রামের জামাল হোসেনের ছাগলের খামারে।
 
ক্ষতিগ্রস্ত জামাল শেখের ভাই কামাল হোসেন জানান, তার ভাইয়ের খামারের একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। শীতের কষ্ট থেকে বাচ্চা দুটির জন্য একটি বিদ্যুতের বাল্ব নিচের দিকে নামিয়ে দেন। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খামারে ছোটবড় দিয়ে ১শ' ৪৫টি ছাগল ছিলো। এর মধ্যে দুইটি ছাগল বেঁচে আছে। বাকি ১৪৩টি সব ছাগল পুড়ে মারা গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জামাল হোসেনের ছাগলের খামারটি তার বাড়ি থেকে ৪শ' গজ দূরে। এছাড়া তার একটি টার্কি মুরগী ও একটি পাকিস্তানি মুরগীর খামার রয়েছে।
 
এদিকে কালিয়া উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন নেই। তার কারণে আগুন লাগলে নড়াইল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং নদী পারাপারের ঝামেলা থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এক ঘণ্টায়ও পৌঁছুতে পারে না। ফলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে থাকে বলে জানান স্থানীয়রা।
 
সালামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ জানান, তিনি খবরটি শুনেছেন। ক্ষতিগ্রস্ত খামার মালিককে কোন সহযোগিতা করা যায় কিনা সে ব্যাপারেও চেষ্টা করবেন বলে জানান।
 
ইত্তেফাক/এসএস