ইসলামিক স্টেট গ্রুপ আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক একাডেমীতে হামলার দায়িত্ব স্বীকার করেছে। এই ঘটনায় অন্তত ১১ সেনা নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। সোমবার ভোরের আগে এই হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আইএস এর মুখপাত্র আমাকের মাধ্যমে জানিয়েছে, ‘ইসলামিক স্টেট যোদ্ধারা কাবুলের ওই সামরিক একাডেমীতে আত্মঘাতী হামলা চালিয়েছে।’ এদিকে কাবুল পুলিশের মুখপাত্র বাসির মুজাহিদ বলেন, সেখানে রকেট ও গুলিবর্ষণ করা হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারা কাবুলের উপকণ্ঠে অবস্থিত এ সামরিক একাডেমীতে ভোর পাঁচটার দিকে একাধিক বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শুনতে পায়। এ একাডেমীতে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু