শাবিতে ছাত্রজোটের সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ৭

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে অতর্কিত হামলা চালিয়েছে শাবি ছাত্রলীগ কর্মীরা।
 
এ সময় অন্তত ৭জন আহত হয়েছেন বলে দাবি ছাত্রজোটের নেতাদের। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এদিকে হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয় বলে দাবি করেছেন শাবি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
 
ক্যাম্পাস সূত্রে জানা যায়, হামলায় জয়দ্বীপ দাস নামে ছাত্রফ্রন্টের এক কর্মীর মাথা ফেটে যায় এবং ছাত্রফ্রন্টের সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, ছাত্রজোটের কর্মী এমকে মুনিম, আব্দুল্লাহ হেল কাফী, মঈনদ্দীন মিয়া, সুভাষ ঘোষ আহত হন। জয়দ্বীপকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসে অবস্থান নেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে ক্যাম্পাসের অর্জুনতলা থেকে একটি মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন তারা। পরে প্রধান ফটকে সমাবেশ করে ছাত্রজোটের নেতাকর্মীরা। শাবি ছাত্রলীগের নেতা মুশফিকুর রহমান জিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের মারধর করেন এবং প্রধান ফটক খুলে দেন।
 
প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা অভিযোগ করেন, মুশফিকুর রহমান ভূইয়ার নেতৃত্বে সাদিকুর রহমান, সুব্রত পাল (সহ সম্পাদক), রকি বাঙালীসহ ১০-১৫ ছাত্রলীগ কর্মী আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে।
IMG0
এদিকে দুপুর দেড়টায় শাবি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক ইমরান খান দাবি করেন হামলায় জড়িতরা ছাত্রলীগের কেউ নয়।
 
যোগাযোগ করা হলে মুশফিকুর রহমান জিয়া নিজেকে ছাত্রলীগ কর্মী দাবি করে বলেন,  বামপন্থীরা আমাকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলে তখন আমি তাদের গেট খুলে দিতে অনুরোধ করি কিন্তু তারা উল্টো আমার উপর চড়াও হয়। তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে গেট খুলে দেই। এতে সাব্বির আহমেদ নামে একজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
 
বিশ্ববিদ্যালয় প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ ঘটনাটিকে খুবই দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/আরকেজি