যশোর শহরের রেলগেট এলাকায় সোমবার বিকেলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রানা হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রানা শহরের রেলগেট রায়পাড়া এলাকার মাসুদ হোসেনের ছেলে। নিহত রানাও একজন সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৮-১০টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
নিহতের মা রাহি বেগম জানান, রানা সোমবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে রেলগেটে যায়। এসময় পূর্বশত্রুতার জের ধরে রেলগেট পঙ্গু হাসপাতালের পেছনের বাসিন্দা ডলার ও বাবু তাকে এলোপাতাড়ি ছুরি মেরে গুরুতর জখম করে পালিয়ে যায়। একজন ইজিবাইক চালক তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘আমি ছাত্রাবাসে কাজ করি। আমার ছেলে রানা যশোর কালেক্টরেট মার্কেটের একটি পোশাকের দোকানে কাজ করত।’
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার ইউসুফ আলী বলেন, ‘রানার দুই পা এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হলে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে মারা গেছেন।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার মিয়া বলেন, ‘ঘটনা শুনে রেলগেট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কারা কী কারণে রানাকে ছুরি মেরে হত্যা করেছে তা এই এখনই বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
এদিকে চাঁচড়া ফাঁড়ির পরিদর্শক রফিকুল হক জানান, রানা খুনে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে রাজি হয়নি।
ইত্তেফাক/আরকেজি