যশোরের ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলায় কপোতাক্ষ নদের উপর সাদিপুর-মোক্তারপুর ঘাটে ১৫০ মিটার ব্রিজ ও দিগদানা-নওয়ালী ঘাটে ২০০ মিটার ব্রিজ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত দশম সংসদের ১৯তম অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এমপি মনির বলেন, আমার নির্বাচনী এলাকা ঝিকরগাছা উপজেলায় দুইটি ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি। যে ব্রিজ দুইটির একপ্রান্তে ঝিকরগাছা অপর প্রান্তে মনিরামপুর উপজেলার সাদিপুর-মোক্তারপুর ঘাট ও দিগদানা-নোওয়ালী ঘাট। এ দুইটি ঘাটে ব্রিজ না থাকায় এ অঞ্চলের মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয় ।
এ সময় তিনি ঝিকরগাছা উপজেলার মানুষ যারা এই কপোতাক্ষ নদের উপর দিয়ে মধুমেলায় যায়, আগামী মধুমেলায় এই ব্রিজ দুটি দিয়ে যাতায়াত করতে পারবে কি না জানতে চেয়ে এলজিআরডিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
ইত্তেফাক/কেকে