জীবননগর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উপজেলা যুবলীগের একাংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ হতে উপজেলা যুবলীগের নামে আহ্বানকৃত ওই সম্মেলনকে বিতর্কিত বলে তা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। বন্ধ করা না হলে তা প্রতিহত করতে বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকাল ৯টায় পাল্টা সমাবেশের ডাক দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাতেই সিদ্ধান্ত নেয়া হবে সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হবে-কি না। এ ঘটনায় শহর জুড়ে যুবলীগের উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর প্র্রতিবাদে সোমবার বিকেলে পাইলট হাইস্কুল মাঠ হতে ব্যানার ও ফেস্টুন নিয়ে যুবলীগের একাংশ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
যুবলীগ নেতা শামীম ফেরদৌস ও কাজী সামসুর রহমান চঞ্চলের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশ করে।
শামীম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ হতে যুবলীগের নামে আহ্বানকৃত বিতর্কিত ত্রি-বার্ষিক সম্মেলন বন্ধের দাবি করা হয়। প্রকৃত নেতাকর্মীদের নিয়ে পরবর্তীতে দিনক্ষণ ঠিক করে সম্মেলন করার জন্য অপর গ্রুপের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তা না করা হলে যুবলীগের ওই বিতর্কিত সম্মেলন প্রতিহত করতে মঙ্গলবার সকাল ৯টায় বাসস্ট্যান্ডে পাল্টা সমাবেশের ডাক দিয়ে বক্তব্য রাখেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক আসমান, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, সোহরাব হোসেন বিশ্বাস ও যুবলীগ নেতা আকিমুল ইসলাম।
সাব-ইন্সেপেক্টর নাহিরুল ইসলাম জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রাতে বসে ১৪৪ ধারা জারির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরামর্শ করবেন। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা জানান, পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি