উত্তর-পূর্ব ভারত বা জম্মু-কাশ্মীর থেকে ‘আফস্পা’ প্রত্যাহারের কথা ভাবার সময় এখনো আসেনি। মন্তব্য ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের। আফস্পা অর্থাৎ ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ উপদ্রুত এলাকায় সেনাকে অসীম ক্ষমতার অধিকারী করে তোলে।
সেই অসীম ক্ষমতায় বলীয়ান হয়ে সেনারা প্রায়ই মানবাধিকার লঙ্ঘন করে বলে একাংশের অভিযোগ। সেনাপ্রধান অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছেন। মানবাধিকারের খেয়াল রাখা গুরুত্বপূর্ণ, সেনারা সে কথা খেয়াল রাখেও, তবে আফস্পা প্রত্যাহার সম্ভব নয়, এমনই বার্তা দিয়েছেন সেনাপ্রধান রাওয়াত। সংবাদ সংস্থা পিটিআই-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আফস্পা প্রত্যাহারের কথা ভাবার সময় এসেছে বলেও আমার মনে হয় না।’
আফস্পা আইনের বেশ কিছু সংস্থান অত্যন্ত কঠোর, মেনে নিয়েছেন সেনাপ্রধান। যেসব এলাকায় এই আইন বলবৎ থাকে, সেখানে জঙ্গি বিরোধী অভিযান চালানোর সময় বাহিনী প্রায় যা খুশি করার অধিকার পেয়ে যায়। কিন্তু সেনাপ্রধানের দাবি, আফস্পা’র সব সংস্থান সেনা প্রয়োগ করে না। ‘যেভাবে বলপ্রয়োগ করা যেত, ততটা কঠোর ভাবে বলপ্রয়োগ আমরা কখনোই করি না। মানবাধিকারকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। সুতরাং খুব বেশি উদ্বিগ্ন হবেন না, কারণ আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি এবং সতর্কতা অবলম্বন করছি।’ বলেছেন জেনারেল রাওয়াত। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু