এবার নেপালে ‘পাবজি’ নিষিদ্ধ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) নিষিদ্ধ করল নেপাল। দেশটি গত বৃহস্পতিবার গেমটি দেশব্যাপী নিষিদ্ধ করে।  দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাবজি গেমটির সহিংস বিষয়বস্তু শিশুদের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

নেপাল টেলিযোগাযোগ কর্তৃপক্ষের ডেপুটি ডিরেক্টর সন্দীপ অধিকারী রয়টার্সকে বলেন, ‘আমরা পাবজি গেম নিষিদ্ধের নির্দেশ দিয়েছি কেননা এই গেমটিতে শিক্ষার্থীরা আসক্ত হচ্ছে।’

পাবজি গেম বন্ধে দেশটি সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে ব্লক করে  দেওয়ার জন্য লিখিত নির্দেশ পাঠায়। কাঠমান্ডু জেলা আদালতের নির্দেশনায় এমন সিদ্ধান্ত  নেওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে।

রায়ের পর নেপাল জুড়ে পাবজিকে নিষিদ্ধ করতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও মোবাইল সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দিয়েছে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি। যত দ্রুত সম্ভব পাবজির লিঙ্ক ব্লক করে দেওয়ার জন্য বলা হয়েছে তাদের।

নেপালের মেট্রোপলিটন ক্রাইম ডিভিশনের প্রধান ধীরজ প্রতাপ সিংহ সে দেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শিশুদের উপর এই গেইমের প্রভাব নিয়ে অভিভাবক, শিক্ষক ও স্কুলের তরফে প্রচুর অভিযোগ জমা পড়ছিল। মনোবিদদের সঙ্গে এই নিয়ে পরামর্শের পরেই পাবজিকে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।’

এর আগে ভারতের আহমদাবাদেও নিষিদ্ধ করা হয়েছিল পাবজি গেইমটি। পাবজি আসক্তির জেরে দুর্ঘটনা, পারিবারিক অশান্তি এমনকি বিবাহ বিচ্ছেদের খবরও হামেশাই দেখা গেছে দেশটিতে।  দেশটির কিছু শিক্ষার্থীকে গেইমটি খেলায় আটক করা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

২০১৭ সালে পাবজি  গেম চালু হওয়ার পর  থেকে এখনো পর্যন্ত বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়। খবরে বলা হয়েছে  গেমটি ১০ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

সূত্র : রয়টার্স