এফবিআই উপপ্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) উপপ্রধান অ্যান্ড্রু ম্যাককেবে পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ওই পদে দেখতে চান না, এমন মন্তব্যের পর গতকাল সোমবার তিনি পদত্যাগ করেন। এফবিআইয়ের এই কর্মকর্তাকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেন ট্রাম্প। এরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। অবশ্য এফবিআইয়ের উপপ্রধান হিসেবে ম্যাককেবের মেয়াদ আগামী মার্চেই শেষ হওয়ার কথা ছিল। সেই মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস আগেই তাকে পদত্যাগে বাধ্য করা হলো। 
 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে যে তদন্ত চলছে তার সঙ্গে ছিলেন ম্যাককেবে। এই তদন্ত চলাকালে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতাদের সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হন এফবিআই এর এই কর্মকর্তা। গত মে মাসে এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্ত করলে কিছুদিন সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন ম্যাককেবে। 
 
অবশ্য ম্যাককেবের পদত্যাগের পর এ বিষয়ে সাংবাদিকদের কোনো কথা বলতে চাননি ট্রাম্প। ম্যাককেবের স্ত্রী জিল ম্যাককেবে ভার্জিনিয়ার সিনেট আসনে যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। ওই প্রসঙ্গ টেনে এর আগে ট্রাম্প বলেছিলেন, কীভাবে ম্যাককেবের অধীনে নিরপেক্ষ তদন্ত সম্ভব? তবে সোমবার হোয়াইটহাউসের নিয়মিত ব্রিফিংয়ে ম্যাককেবের পদত্যাগের সঙ্গে ট্রাম্প বা হোয়াইটহাউসের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করা হয়। 
 
ইত্তেফাক/কেআই