লক্ষ্মীপুরের রামগতিতে যাত্রীবাহী একটি লেগুনার ধাক্কায় মো. আকবর (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বয়ারচরের সেন্টার বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আকবর উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মাঝির বাড়ির মো. সোহরাব হোসেনের ছেলে। আকবর মোটরসাইকেলে যাত্রী বহন করে পরিবার চালাতেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. আকবর মোটরসাইকেল চালিয়ে বয়ারচরের টাংকী বাজার থেকে রামগতি বাজারে যাচ্ছিলেন। এসময় রামগতি বাজার থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি লেগুনা ওই সড়কের সেন্টার বাজার এলাকায় তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং লেগুনাটি আটক করে। ঘটনার পর চালক পলাতক রয়েছে।
নিহত আকবরের ছোট ভাই মো. নাজিম উদ্দিন জানান, তার ভাই ভাড়া মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত দুইদিন আগে নতুন এই মোটরসাইকেলটি দৈনিক ৩০০ টাকা করে ভাড়া নেয়।
ইত্তেফাক/এমআই