সেবক হয়ে মালিক সাজবার চেষ্টা করবেন না : দুদক কমিশনার

 
দুর্নীতি দমন কমিশনের কমিশনার (দুদক) ড. নাসিরউদ্দিন আহমেদ বলেন, জনগণের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখা এবং দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি দমনে কাজ করছে দুদক। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সকলকে শরিক হতে হবে। 
 
তিনি বলেন, জনগণ হচ্ছে দেশের মালিক। আর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছে জনগণের সেবক। কেউ  সেবক হয়ে মালিক সাজবার চেষ্টা করবেন না। জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ বা কোনো প্রকার দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কাউকেই ছাড় দিবো না।  
 
মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি হলে কিশোরগঞ্জ সদর উপজেলার পাঁচটি বিভাগের কার্যকলাপ সম্পর্কে দিনভর গণশুনানি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গণশুনানি পরিচালনা করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। 
 
এ সময় উপস্থিত ছিলেন দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. মনিরুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমুদ্দিন বিশ্বাস প্রমুখ। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক আব্দুল গণি। 
 
ইত্তেফাক/ ইউবি