প্রতিবছরের মতো এবারো পহেল বৈশাখ উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠান সূচি। এরমধ্যে বরাবরই বিশেষ নাটকগুলো নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ থাকে। পহেলা বৈশাখের বিশেষ নাটকগুলো নিয়ে এই আয়োজন—
‘আমি প্রেমিক’
ছোটপর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন। বৈশাখের বিশেষ নাটক ‘আমি প্রেমিক’-এ অভিনয় করেছেন তারা। নাটকে আরো রয়েছেন রিমি করিম, পীরজাদা, সৈয়দ শাহেদসহ অনেকে। নাটকটি আজ সন্ধ্যা ৭টায় আরটিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। নাটকে দেখা যাবে, অমি ও বৃষ্টি প্রেমিক যুগল। অমির চাকরি না থাকায় বৃষ্টি তার বাবাকে পছন্দের ছেলের কথা বলতে পারে না। এদিকে অমি একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। আর সেখানেই বিপত্তি ঘটে। কোম্পানির এমডি অমিকে বিয়ে করতে চান। রাসেল আজমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব।
‘আব্বাস মিয়া ও সাদা পরীর গল্প’
বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘আব্বাস মিয়া ও সাদা পরীর গল্প’। আনন জামানের রচনা ও রাখাল সবুজের পরিচালনায় এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মীম মানতাসা, মাসুম আজিজ প্রমুখ।
‘বৈশাখী হাওয়া’
বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বৈশাখী হাওয়া’। উদয় বাঙ্গালীর পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অপর্ণা, ইরফান সাজ্জাদ প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
‘বৈশাখী মাইম ট্রুপ’
এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে পহেলা বৈশাখের বিশেষ নাটক ‘বৈশাখী মাইম ট্রুপ’। হূদি হকের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন লিটু আনাম, আশনা হাবীব ভাবনা, মনোজ প্রামাণিক, শাহাদাত্ হোসেন, সঙ্গীতা চৌধুরী প্রমুখ।
‘এই বৈশাখে’
বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘এই বৈশাখে’। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনী। অভিনয় করেছেন অপূর্ব ও মম।
‘অপ্রত্যাশিত ভালোবাসা’
বাংলা নববর্ষ উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘অপ্রত্যাশিত ভালোবাসা’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো, মেহজাবিন প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে আজ রাত ৮টা ১০ মিনিটে।