বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড.হাছান মাহমুদ সুন্দরবনের বাঘের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সুন্দরবনে সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা ১০৬ টি। ৬ হাজার বর্গ কিলোমিটার জায়গায় জন্য তা যথেষ্ট নয়। এটি গভীর উদ্বেগ জনক।
মঙ্গলবার বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ৩৯তম বৈঠক শেষে সংবাদিকাদের সাথে ব্রিফিংকালে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এসব কথা বলেন।
বাঘের সংখ্যা যে হারে কমে যাচ্ছে এবং উদ্বেগ জনক পর্যায়ে পৌঁছেছে সেটি নিরসন না করা হলে বাঘ নিশ্চিহ্ন হতে বেশি সময় লাগবে না। তাই বাঘের প্রজনন কিভাবে বাড়ানো যায় সেটির জন্য একটি এক্সপার্ট প্যানেল তৈরি করার সুপারিশ গ্রহণ করতে বলা হয়েছে।
এছাড়াও সংসদীয় কমিটি যশোর রোড সম্প্রসারণের ক্ষেত্রে শতবর্ষী গাছগুলো না কেটে রোড সম্প্রসারণের জন্য সুপারিশ করেন এবং দেশের অন্যান্য জায়গায় ও রোড সম্প্রসারণের সময় উভয় পার্শে গাছ না কেটে রোড সম্প্রসারণের জন্য সুপারিশ করেন।
ড. হাছান মাহমুদ আরো বলেন, চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন প্রকল্পটি নির্মাণে খাস জমি এবং ক্যান্টনমেন্টের নিরাপত্তা জনিত কারণে পরিত্যক্ত বোটানিক্যাল গার্ডেন প্রকল্পটি পুনরুজ্জীবিত করার জন্যে সংসদীয় কমিটি সুপারিশ করেছে এবং ভবিষ্যতে জলবায়ু ট্রাষ্ট ফান্ডের স্থায়ী আমানত রাখার ক্ষেত্রে ব্যাংকের ক্যামেল রেটিং দেখার জন্য বলা হয়েছে।
এসময় বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াছিন আলি, সংসদ সদস্য নবী নেওয়াজ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ রেজা