বিনোদন রিপোর্ট
নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে এফডিসির সামনে গতকাল সকাল ১০টা থেকে চলচ্চিত্র ও নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ শোবিজকর্মীরা একসঙ্গে মানববন্ধন করেন। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে যেখানে সারাদেশে প্রতিবাদে সোচ্চার হয়েছে, সেখানে বসে নেই শোবিজকর্মীরাও। মানববন্ধনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের দেশের নাগরিক হিসেবে নৈতিক দায়িত্ব থেকে প্রতিবাদ করা উচিত। সেই চিন্তা থেকে আমরা সাংস্কৃতিক কর্মীরা সুষ্ঠু তদন্ত শেষে হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি করছি। মানববন্ধনে অংশ নেওয়া সবার একটাই দাবি—হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজা।’
নায়ক আলমগীর বলেন, ‘শুধু চলচ্চিত্র, টেলিভিশন বা মঞ্চ নয়। আমি সারা বাংলাদেশের শিল্পী ও কলাকুশলীদের কালো ব্যাজ ধারণ করে আমাদের এই প্রতিবাদের সঙ্গে একাত্মতা জানানোর আহ্বান জানাচ্ছি।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, সারা যাকের, রিয়াজ, চিত্রনায়িকা অঞ্জনা, প্রযোজক খোরশেদ আলম খসরু, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, দিনাত জাহান মুন্নী, নির্মাতা ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা আলীরাজ, শহীদুল আলম সাচ্চু, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, বদিউল আলম খোকন, শাহীন সুমন, শাহ মো. সংগ্রাম, হাবিবুল ইসলাম হাবিব, কচি খন্দকার, বুলবুল বিশ্বাসসহ অনেকে। এই মানববন্ধনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পাশাপাশি ডিরেক্টরস গিল্ডের কর্মীরাও অংশ নেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তার গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর অবস্থায় ওইদিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত ১০ এপ্রিল রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যায়।