দেশে এক লাখ দক্ষ চালক তৈরি করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। প্রশিক্ষিত এই চালকদের একটি বড় অংশ বিদেশে কর্মসংস্থানের উদ্যোগও নেওয়া হবে। এজন্য তাদের ইংরেজি ও আরবি ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া নারী চালকদেরও প্রশিক্ষণের আওতায় আশার লক্ষ্য রয়েছে। বর্তমানে বিআরটিসির তিনটি প্রশিক্ষণ ইন্সটিটিউট ও ১৫টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এগুলো বর্তমানে জরাজীর্ণ ও ভঙ্গুর অবস্থায় রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষণের কোন আধুনিক উপকরণ নেই।
তাছাড়া ট্রেনিং কার না থাকায় ব্যাপক চাহিদা সত্ত্বেও এ প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে মানসম্মত প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে না। এজন্য আগামী দুই বছরের মধ্যে এসব প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষণ ইন্সটিটিউটগুলো আধুনিকায়ন করতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিআরটিসি সূত্র জানিয়েছে, এসকল প্রশিক্ষণ ইন্সটিটিউট ও কেন্দ্রগুলোর মাধ্যমে গত তিন বছরে বিভিন্ন ট্রেডে মাত্র ২৩ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না।
দেশে আরো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকলেও বিআরটিসির প্রশিক্ষণের মান অন্যান্য প্রতিষ্ঠান হতে উন্নত ও টেকসই হওয়ায় এর কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের প্রস্তাবনায় বিআরটিসি উল্লেখ করেছে, দক্ষ চালকের অভাবে দেশে সড়ক দুর্ঘটনার হার বেড়ে যাচ্ছে। এ সংকট এখন মারাত্মক রূপ ধারণ করেছে। বিআরটিসি চাইছে এ ধরনের প্রকল্পের মাধ্যমে দক্ষ চালক তৈরি করা ছাড়াও বিদেশে কর্ম উপযোগী প্রশিক্ষণ দিতে।
পরিকল্পনা অনুযায়ী চালকদের ইংরেজি ও আরবি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে তারা বিদেশে পাঠানো যায়। বিশ্বের বিভিন্ন দেশে গাড়ি চালকসহ বিভিন্ন পেশার বাংলাদেশের দক্ষ কর্মীর ব্যাপক চাহিদার প্রেক্ষিতে সরকার দক্ষ গাড়ি চালক তৈরি করতে সাড়ে ১৮ কোটি টাকায় ‘এক লাখ দক্ষ চালক তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য বিআরটিসির তিনটি প্রশিক্ষণ ইন্সটিটিউট ও সতেরটি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন ও শক্তিশালীকরণ’ শীর্ষক এই প্রকল্পটি গ্রহণ করেছে। ২০১৮ সালের জুলাইয়ে শুরু করে ২০২০ সালের জুনের মধ্যে এই দুই বছরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দেশ-বিদেশে ড্রাইভিং পেশায় কর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভার উইথ অটোমেকানিক্স প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বিআরটিসির নিজস্ব জনবলের মাধ্যমে গাজীপুর, মিরপুর, তেজগাঁও, জোয়ার সাহারা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, টুঙ্গীপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, খুলনা, যশোর, ঝিনাইদহ এবং বরিশালের প্রশিক্ষণকেন্দ্রগুলোতে এই প্রশিক্ষণের আয়োজন করার লক্ষ্য রয়েছে।
ইত্তেফাক/নূহু