ত্রিশাল-ফুলবাড়ীয়া সড়কের বেইলি ব্রিজ সংস্কার না করায় দুর্ঘটনার আশঙ্কা


ত্রিশাল-ফুলবাড়ীয়া সড়কের ত্রিশাল পোড়াবাড়ী বাজারে খিরু নদীর উপর বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ৩ যুগ পূর্বে নির্মিত স্টিলের ব্রিজটি ভেঙে এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

জোড়াতালির ওই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারি যানবাহন ও শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। ফলে ব্রিজটি পুনর্নির্মাণ অতি জরুরি হয়ে পড়েছে। জানা যায়, ত্রিশাল থেকে ফুলবাড়ীয়া উপজেলার দক্ষিণাঞ্চলে যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কের  পোড়াবাড়ী বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া খিরু নদীর উপর ১৯৮২ সালে ২৪২ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রশস্ত বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণের ১০-১২ বছর যেতে না যেতেই ব্রিজের অধিকাংশ পাটাতনে মরিচা পড়ে ভাঙতে শুরু করে। ঝুঁকিপূর্ণ ব্রিজটির ভেঙে যাওয়া পাটাতন দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানোর ফলে প্রায় প্রতিদিনই  ঘটছে দুর্ঘটনা। ভারি যানবাহন চলাচল নিষেধ থাকলেও প্রতিদিন গড়ে প্রায় কয়েকশ ভারি যানবাহন চলাচল করছে এই ঝুঁকিপূর্ণ  ব্রিজ দিয়ে।

উপজেলার মোক্ষপুর ইউনিয়নের নিজবাখাইল গ্রামের রমজান আলী (৭০) জানান, ব্রিজের বিভিন্ন স্থানে ভাঙা থাকার কারণে গত কয়েক বছরে ছোট-বড় অনেক দুর্ঘটনায় আহত হয়েছে কয়েকশ মানুষ। উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রিন্স জানান, এ ব্রিজে দুর্ঘটনার শিকার হয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন। কিছুদিন আগে পাটাতনের ফাঁকে ভ্যানগাড়ির চাকা পড়ে ভ্যান উল্টে কয়েকজন নদীতে পড়ে যায়।

এ ব্যাপারে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মণ্ডল জানান, নতুন একটি ব্রিজের জন্য বিভিন্ন স্থানে দৌড়-ঝাঁপ করছি।

উপজেলা প্রকৌশলী শাহেদ হোসেন জানান, পুরো ব্রিজটি সংস্কারের জন্য জেলা প্রকৌশল অফিসের মাধ্যমে আবেদন করা হবে। ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মণ্ডল জানান, ব্রিজটি সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

নদী পারাপারে জনদুর্ভোগ ও ঝুঁকিমুক্ত করতে ব্রিজটি নতুন করে নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

ইত্তেফাক/নূহু