হিন্দু দেবীর নামে ‘কটূক্তি ও অশালীন’ মন্তব্য

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

 
হিন্দু ধর্মের এক দেবীর নামে ‘কটূক্তি ও অশালীন’ মন্তব্য করার অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি দেবী সরস্বতী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘অশালীন মন্তব্য’ করেন তিনি। এর মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়েছে।
 
আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি করেছেন সুশান্ত কুমার বসু নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি বিবিসি বাংলাকে বলেন, সংক্ষুব্ধ হয়ে তিনি থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ মামলাটি গ্রহণ করতে রাজি না হওয়ায় তিনি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এই মামলাটি করেছেন।
 
তিনি বলেন, হিন্দু ধর্মে বিদ্যার দেবী সরস্বতী সম্পর্কে কটূক্তি করার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক মামলাটিকে আমলে নিয়ে সংশ্লিষ্ট ওয়ারী থানার পুলিশকে বাদীর অভিযোগ তদন্ত করে দেখার আদেশ দিয়েছেন। এ বিষয়ে মামলার আসামি আনিস আলমগীর বিবিসিকে বলেন, দেবী সরস্বতীর সৌন্দর্যের প্রশংসা করে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তাতেও যারা আহত হয়েছেন আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি।
 
ইত্তেফাক/আনিসুর