নাশকতার অভিযোগে গোয়েন্দা পুলিশ বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানুকে (৩৫) গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বাগেরহাট শহর থেকে ছাত্রদল নেতা তানুকে গ্রেফতার করে বলে পুলিশ দাবি করেছে। তাকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাগেরহাট জেলা ছাত্রদল নুরে আলম ভূঁইয়া ওরফে তানু ভূঁইয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। তবে তানু ভূঁইয়ার পরিবারের দাবি গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা মহানগরের কালিবাড়ি এলাকা দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি নাশকতাসহ মোট চারটি মামলায় বর্তমানে জামিনে রয়েছেন।
তানু ভূঁইয়ার বড় ভাই বাগেরহাট পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম ভূঁইয়া আজ বুধবার সকালে এই প্রতিবেদককে বলেন, মঙ্গলবার বিকেলে খুলনা মহানগরের কালিবাড়ি এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ আমার ছোট ভাই ছাত্রদল নেতা তানু ভূঁইয়াকে গ্রেফতার করে। সে সব মামলায় জামিনে রয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে আমার ছোট ভাই বেশকিছুদিন ধরে এলাকা ছেড়ে খুলনায় তার শ্বশুরবাড়িতে থাকছিলেন। পুলিশ হয়রানি করতে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে।
বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন মোল্লা সুজন বলেন, একটি দুর্নীতির মামলায় আদালত আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার দিন ধার্য করেছে। এই রায়কে ঘিরে জেলায় দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময়ে দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানুকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করল পুলিশ। আমরা তার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বুধবার সকালে এই প্রতিবেদককে বলেন, তানু ভূঁইয়া রাজনৈতিক অস্থিরতা পরিবেশ তৈরি করতে গোপনে বাগেরহাটে নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে। নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইত্তেফাক/এসএস