ভয় দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা

 
দৌলতপুর উপজেলায় ব্যবসায়ীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ মামলাটি করেছে ওই ব্যবসায়ী।
 
পুলিশ সুপারকে আগামী ৮ এপ্রিল মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।
 
দৌলতপুর বিচারিক হাকিম আদালতের জিআরও জাহিদ হোসেন জানান, উপজেলার কারীতলা গ্রামের মৃত সফির উদ্দিন বিশ্বাসের ছেলে ব্যবসায়ী জিয়াউর রহমান বাদী হয়ে সোমবার (২৯ জানুয়ারি) ওসি শাহ দারা খানের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে মামলাটি দায়ের করেছেন।
 
এজাহারে সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ জুন রাত ৮টার সময় পারিবারিক কলহ নিষ্পত্তির কথা বলে জিয়াউর রহমানকে থানায় ডেকে পাঠান ওসি শাহ দারা খান। কিন্তু তিনি সমস্যা সমাধান না করে আচমকা তাকে হাজতে ঢুকিয়ে দেন। এরপর তার কাছে ওসি ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে ক্রসফায়ারে দেয়া হবে বলে ওসি হুমকি দেন।
 
উপায় না পেয়ে প্রাণ বাঁচাতে পরিবারের লোকজন ডেকে এনে ওসিকে ঘটনার দিন রাত সাড়ে ১১টার সময় ২০ হাজার টাকা এবং পরদিন ২৮ জুন দুপুর ১২টার সময় বাকি টাকা পরিশোধ করে তিনি মুক্তি পান।
 
ওসির সঙ্গে টাকা লেনদেনের পুরো ঘটনাটি মোবাইর ফোনে ধারণ করা ভিডিও ও প্রত্যক্ষদর্শী সাক্ষীসহ আদালতে হাজির করা হয়েছে বলে মামলার বাদী জিয়াউর রহমান জানান।
 
ওসি শাহ দারা খান বলেন, গত বছরের জুন মাসের ঘটনা উল্লেখ করে এতো দিন পর আমার নামে মামলা করেছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। প্রকৃত ঘটনা কি খতিয়ে দেখছি।
 
ইত্তেফাক/আরকেজি