‘দুই’ পয়েন্টের লক্ষ্যেই ছুঁটছে রূপগঞ্জ

                      সুপার লিগ শুরু আগামীকাল

 স্পোর্টস রিপোর্টার

ঐচ্ছিক অনুশীলন ছিল আবাহনী ক্রীড়াচক্রের। লিজেন্ডস অব রুপগঞ্জ অবশ্য গোটা দলই অনুশীলন করেছে। বিসিবি একাডেমি মাঠে গতকাল আবাহনী শিবিরে ঘুরে ফিরেই আলোচিত হচ্ছে শিরোপার সমীকরণ। সবচেয়ে শক্তিশালী দল নিয়েও প্রথম পর্ব শেষে ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে আবাহনী। সুপার লিগ শুরু করবে তারা আটটি জয় নিয়ে। সুপার লিগে টানা জয়ই পারে টানা দ্বিতীয়বার আবাহনীর ট্রফি জয়ের আশাকে বাস্তবতায় রুপ দিতে।

দশটি জয় নিয়ে শীর্ষে থাকা রুপগঞ্জ বেশ চাঙ্গা। আগামীকাল শুরু হবে সুপার লিগ। সেখানেই হবে প্রিমিয়ার লিগের শিরোপার মূল লড়াই। তবে রুপগঞ্জ এখনই শিরোপা নিয়ে ভাবছে না। ম্যাচ বাই ম্যাচ এগুতে চায় দলটি। লিগের শুরু থেকেই প্রতিটি ম্যাচে দুই পয়েন্ট অর্জনের টার্গেটেই খেলেছে রুপগঞ্জ। গতকাল দলটির কোচ আফতাব আহমেদ বলেছেন, সুপার লিগে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। কোনো দলকেই হালকাভাবে নেওয়া যাবে না।

আগামীকাল সোমবার সুপার লিগের প্রথম রাউন্ডে মিরপুর স্টেডিয়ামে আবাহনী খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বিকেএসপির তিন নম্বর মাঠে রুপগঞ্জের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল নয়টায়। সুপার লিগের প্রতি রাউন্ডেই একদিন রিজার্ভ ডে থাকছে।

আগামী ১৬ এপ্রিল শুরু হবে রেলিগেশন লিগ। এদিন বিকেএসপির চার নম্বর মাঠে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। একই ভেন্যুতে ১৮ এপ্রিল উত্তরার বিপক্ষে খেলবে বিকেএসপি।

শীর্ষে থাকা রুপগঞ্জ ম্যাচ বাই ম্যাচ খেলার টার্গেট নিয়েই সুপার লিগে নামছে। গতকাল অনুশীলন শেষে রুপগঞ্জের কোচ আফতাব আহমেদ বলেছেন, ‘আমি আসলে প্রথম থেকেই একটা কথা বলে আসছি যে শিরোপার জন্য কখনোই আমরা সুযোগ নেইনি। আমাদের লক্ষ্যই হচ্ছে ওয়ান বাই ওয়ান। আর আমাদের স্লোগানই হচ্ছে এটি, ওয়ান বাই ওয়ান। সুতরাং, আমরা কার বিপক্ষে খেলছি সেটি আমাদের দরকার নেই। আমাদের লক্ষ্যই হচ্ছে দুই পয়েন্ট।’

সুপার লিগের কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে দেখছেন না আফতাব। তিনি বলেছেন, ‘সুপার লিগ যেহেতু কঠিন পজিশন, কঠিন সময়, সবাই খুব ভালো খেলেই সুপার লিগে উঠেছে। সুতরাং, এদের সাথে কোনো প্রকার নির্ভার হওয়ার সুযোগই নেই। আমাদের প্রথম ম্যাচ মোহামেডানের সাথে। লক্ষ্য থাকবে ঐ ম্যাচটি জিতে পরবর্তী ম্যাচের কথা চিন্তা করা।’

মোহামেডানের বিরুদ্ধে জয় দিয়েই সুপার লিগ শুরু করতে চায় রুপগঞ্জ। আগামীকালকের ম্যাচে বোলিং লাইনে তাসকিন আহমেদের সেরাটা আশা করছেন আফতাব। তার মতে, তরুণ এই পেসার এখন শতভাগ ফিট।

বিসিবি একাডেমি মাঠে রুপগঞ্জের কোচ বলেছেন, ‘তাসকিন এখন শতভাগ ফিট বলেই কিন্তু ওকে খেলানো হচ্ছে। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটি সুযোগ আছে, ভালো একটি পজিশনে আছে। এখন ও যদি ৭০ ভাগ ফিট থাকতো তাহলে কিন্তু আমরা এই সুযোগটি নিতাম না। শতভাগ দিয়ে বোলিং করছে। প্রথম স্পেলে পাঁচ ওভার বোলিং করেছে, এখন আবার বোলিং করছে।’