রাউজানে ইউপি সদস্যকে গণপিটুনি

 
রাউজানে প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে টাকা নেয়ায় মিঠু শীল নামে এক ইউপি সদস্যকে গণপিটুনি দেয়া হয়েছে। মঙ্গলবার ৪নং ওয়ার্ডের রৌশন গোমস্তার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ডাবুয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।  
 
জানা যায়, উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রৌশন গোমস্তার বাড়ির প্রবাসী পাবেলের স্ত্রী রিনা আক্তার জগন্নাথ বাজারের পশ্চিম পাশে ক্রয়কৃত কৃষি জমিতে ঘর তোলার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। 
 
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই স্থান পরিদর্শন করেন। কৃষি জমিতে বাড়ি নির্মাণের কারণে রবিবার রিনাকে প্রাচীর নির্মাণে স্থগিত রাখার নির্দেশ দেন। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তখন উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মিঠু শীল। 
 
পরে ইউএনওর কার্যালয় হতে বের হয়ে মিঠু রিনাকে জানান ২৪ ঘণ্টার মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকা দিতে পারলে বসত বাড়ি নির্মাণ করতে পারবেন। 
 
রিনা দুই লাখ মিঠুকে দেন। এই ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ইউএনওকে অবহিত করে। ইউএনওর নির্দেশে মিঠু টাকা ফেরত দিতে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা জানান, মিঠু শীলকে টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছেন। তার রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি