‘দেশের চিকিৎসা ব্যবস্থায় প্রথমবারের মতো চিকিৎসকের সহকারী হিসেবে শিগগিরই আসছে রোবট। এ রোবটের দেহের মধ্যেই থাকবে চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ। সংশ্লিষ্ট চিকিৎসক ওই রোবটের সহায়তায় রোগীর প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন।
চিকিৎসকের ম্যাসেজ পাওয়া মাত্রই রোবট অনলাইনের মাধ্যমে লোকেশান সার্চ করে নির্দিষ্টস্থানে গিয়ে হাজির হবে। শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ রোবট পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই (এক্সেস টু ইনফরমেশন)’ প্রোগামের সহায়তায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) ‘ইনোভেশন হাব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এটুআই ইনোভেশন এক্সপার্ট ফারুক আহমেদ জুয়েল এ তথ্য জানান।
এর আগে বুধবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে রাজশাহীতে প্রথম ‘ইনোভেশন হাব’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামেবি’ উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবীব।
উদ্বোধনী বক্তব্যে রামেবি উপাচার্য বলেন, রাজশাহী অঞ্চলের মেডিকেল শিক্ষক-শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে ‘ইনোভেশন হাব’ চালু করা হলো। আশা করি এ ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মেডিকেল সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা চিকিৎসা সেবায় নিজেদের আরও অগ্রগামী করতে পারবেন। তাই রামেবির উদ্যোগে ‘ইনোভেশন হাব’ দ্রুত চালু করা হলো।
অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবীব, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রামেবির ভোকালপার্সন ডা. জাওয়াদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ‘ইনোভেশন হাব’ এর কার্যক্রম মাল্টিমিডিয়া প্রজক্টরের মাধ্যমে উপস্থাপন করেন, এটুআই ইনোভেশন এক্সপার্ট ফারুক আহমেদ জুয়েল। এসময় এটুআই প্রকল্পের ল্যাব প্রতিনিধি লুৎফর রহমান, জান্নাতুন নাইম বন্যা, জাহিদুল ইসলাম ও ইস্পিতা হোমায়রা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি