ক্যারিবিয়ান দলে নেই গেইলরা

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস রিপোর্টার

আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের জন্য দ্বিতীয় সারির এক ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যস্ততার কারণে এই সিরিজের জন্য বিবেচিত হননি ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়াইট, শেমরন হেটমায়ার, ওশানে থমাস, নিকোলাস পুরান, কিমো পল, আলজারি জোসেফ ও শেরফ্যান রাদারফোর্ড।

দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল ও মিডল অর্ডার ব্যাটসম্যান জোনাথন কার্টার। প্রথমবারের মতো ওয়ানডে খেলার দুয়ারে দাঁড়িয়ে আছেন শেন ডওরিচ। টেস্ট দলের এই নিয়মিত সদস্যকে ১৪ সদস্যের দলে রাখা হয়েছে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে এই টুর্নামেন্ট দিয়েই প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন কোচ ফ্লয়েড রেইফার। মজার ব্যাপার হলো—এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন রেয়মন রেইফার। ফ্লয়েড ও রেয়মন হলেন চাচাতো ভাই। রেয়মন অবশ্য এর আগেই একটা টেস্ট খেলেছিলেন। দলে আরো আছেন সুনিল অ্যামব্রিস ও রোস্টন চেজ।

দল নির্বাচন কমিটিতে ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ রেইফার, অধিনায়ক জেসন হোল্ডার ও অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক রবার্ট হায়েন্স। সিডব্লিউআইয়ের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস বলেন, ‘ অন্তর্বর্তী কোচ ফ্লয়েড রেইফার, অধিনায়ক জেসন হোল্ডার ও দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচক রবার্ট হেইন্সককে সঙ্গে নিয়ে দল গঠন করা হয়েছে। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ক্যারিবীয়রা। তবে এই দলটিই বিশ্বকাপের জন্য নয়। কারণ, ওয়েস্ট ইন্ডিজের অনেক গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় আইপিএলে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে নতুনদের জন্য এটা হবে বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণের মঞ্চ।’

ত্রিদেশীয় এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী পাঁচ মে। ফাইনাল দিয়ে শেষ হবে আগামী ১৭ মে। এর মধ্যে প্রতিটি দল দুবার করে নিজেদের মুখোমুখি হবে। পাঁচ মে প্রথম ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সাত মে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডাবলিনে।

ওয়েস্ট ইন্ডিজ দল:

জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, রেয়মন রেইফার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রোস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক) ও জোনাথন কার্টার।