তেঁতুলিয়ায় ডাহুক নদীর গতিপথ বন্ধ করে দিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে সাবেক চেয়ারম্যানসহ ৬জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সানিউল ফেরদৌস তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামু, একই এলাকার আকবর আলীর ছেলে জিয়াউর রহমান, খলিলুর রহমানের ছেলে আলম হোসেন, পঞ্চগড় সদর উপজেলার টিটিহিপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, তেঁতুলিয়ার হাওয়াজোত এলাকার তৈয়বুর রহমানের ছেলে শহিদুজ্জামান ও রওশনপুর এলাকার বেলাল হোসেনের ছেলে রুবেল ইসলাম।
জানা গেছে, তারা উপজেলার রওশনপুর এলাকায় ডাহুক নদীর গতিপথ বন্ধ করে দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. সানিউল ফেরদৌস, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম ও বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৬জনকে আটক করে পুলিশ। অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২ মাসের করে কারাদণ্ড দেন।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে ৬জনকে কারাদণ্ডাদেশ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদের খোঁজখবর নিয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/আরকেজি