আফ্রিকান নেশন্স কাপ
স্পোর্টস ডেস্ক
ঘোষিত হলো আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা আফ্রিকান নেশন্স কাপের সূচী। আসছে জুনে অনুষ্ঠেয় এই লড়াইয়ে মোহামেদ সালাহর দল স্বাগতিক মিসর গ্রুপসঙ্গী হিসেবে গেলবারের শিরোপাজয়ী ক্যামেরুনের তুলনায় সহজ প্রতিপক্ষই পেয়েছে।
আফ্রিকান নেশন্স কাপের ৩২তম আসরটি শুরুতে অনুষ্ঠিত হবার কথা ছিলো গেলবারের শিরোপাজয়ী ক্যামেরুনের মাঠে। কিন্তু বেঁধে দেয়া সময়সীমায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণে ব্যর্থ হওয়ায় এ টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব বর্তায় মিসরের উপর।
গেল শুক্রবার মিসরে গীজার পিরামিডের সামনে বর্ণিল এক অনুষ্ঠানের মাধ্যমে সূচীটি প্রকাশ করা হয়। যার ‘এ’ গ্রুপে স্বাগতিক মিসর গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে কঙ্গো, উগান্ডা ও জিম্বাবুয়েকে। শিরোপাধারী ক্যামেরুন ‘এফ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ঘানা, বেনিন ও গিনি বিসাউকে। আরেক আফ্রিকান জায়ান্ট সেনেগাল ‘সি’ গ্রুপে খেলবে খেলবে আলজেরিয়া, কেনিয়া ও তানজানিয়ার বিপক্ষে।
পূর্বের সূচী অনুযায়ী প্রতিযোগিতাটি জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবার কারণে ইউরোপীয় লিগের খেলোয়াড়দের বেশিরভাগই অংশগ্রহণ করতে পারতেন না। কিন্তু এবারের আসরটির সেখান থেকে সরিয়ে জুন-জুলাইয়ে নিয়ে যাওয়ায় এবার সালাহ-সাদিও মানেদের অংশগ্রহণে কোনো বাঁধা নেই। দলের সংখ্যাও বেড়েছে এবার। ২০১৭ সাল পর্যন্ত ১৬ টি দল অংশগ্রহণ করলেও এবার ২৪টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে কনফেডারেশন্স অফ আফ্রিকান ফুটবল। উল্লেখ্য, প্রতিযোগিতাটির ইতিহাসে এটিই হতে যাচ্ছে সর্বোচ্চ সংখ্যক দলের অংশগ্রহণ।
এর ফলে নকআউট পর্বে দলগুলোর উত্তীর্ণ হবার নিয়মেও আসছে কিছুটা পরিবর্তন। ছয় গ্রুপের প্রতিটির সেরা ও দ্বিতীয় সেরা দল সরাসরি নকআউটে গেলেও তৃতীয় হয়ে শেষ করা দলগুলোর মধ্যে অর্জিত পয়েন্ট ও গোলগড়ের ভিত্তিতে সেরা চার দল খেলবে শেষ ষোলতে। আগামী ২১ জুন স্বাগতিক মিসর ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতাটির এবারের আসর।