শেখ কামাল যুব ফুটবল শুরু বুধবার

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) উদ্যোগে বাছাই করা ফুটবলারদের নিয়ে শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ এপ্রিল। বাছাই করা খেলোয়াড়দের গঠিত ৮ বিভাগের দল দুই গ্রুপে লড়াই করবে। ১৭-২২ এপ্রিল পর্যন্ত দুই গ্রুপের বাছাই খেলা হবে। নড়াইলে ক গ্রুপে খেলবে খুলনা, ঢাকা, রংপুর ও বরিশাল। নাটোরে খ গ্রুপে খেলবে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ। কক্সবাজারে ২৫ ও ২৬ এপ্রিল সেমিফাইনাল এবং ২৮ এপ্রিল  ফাইনাল। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। শেখ কামালের অবয়ব নিয়ে তৈরি করা হয়েছে টুর্নামেন্টের লোগো। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিডিডিএফএর মহাসচিব তরফদার রুহুল আমিন।