উত্তরায় বিকাশ কর্মীকে খুন করে টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় আল আমিন (২৬) নামে বিকাশ এজেন্টের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করে ৫ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার সেক্টর-৫ এর ১/এ নম্বর রোডে এ ঘটনা ঘটে। 
 
এদিকে,  দুপুরে ডেমরায় মাহবুবুর রহমান নামে আরো এক বিকাশ কর্মচারীকেও ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। 
 
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, সকালে আল আমিন হেঁটে আসছিলেন। কয়েকজন দুর্বৃত্ত এসে তার ডান ঊরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি আধা ঘণ্টা রাস্তায় পড়ে ছিলেন। শুরুতে আশপাশের লোকজন কেউ এগিয়ে আসেনি। পরে পথচারীরা আল আমিনকে উদ্ধার করে ক্রিসেন্ট হাসপাতাল নিয়ে যায়। সেখানের চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। 
 
উত্তরা পশ্চিম থানার এসআই কাওসার আহমেদ জানান, আল আমিন বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। আজও তিনি বিকাশ এজেন্টের ৫ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়েন। 
 
এদিকে, দুপুরে ডেমরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিকাশ এজেন্টের বিক্রয় প্রতিনিধি মাহাবুবুর রহমানকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতাবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহাবুব ডেমরার সারুলিয়ায় অবস্থিত বিকাশের এজেন্ট ওয়ানজা ডিস্ট্রিবিউশনের বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত। 
 
ওয়ানজা ডিস্ট্রিবিউশনের সুপারভাইজার জাহাঙ্গীর আলম বলেন, মাহাবুব প্রতিদিনের মতো টাকা সংগ্রহে বের হন। বিভিন্ন ছোট ছোট এজেন্ট থেকে টাকা সংগ্রহ করে ডেমরার গলাকাটা ব্রিজে পৌঁছালে মোটরসাইকেলে আসা তিনজন ছিনতাইকারী মাহাবুবের পথরোধ করে। এ সময় মাহাবুব দৌড়ে পালাতে গেলে ছিনতাইকারীরা তার দুই হাতে ও বুকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 
 
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওসার আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।
 
ইত্তেফাক/ইউবি