রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার খোরশেদ আলীর বস্তিতে বৃহস্পতিবার আগুন লেগে ৬০টি ঘর পুড়ে গেছে। ওই বস্তিতে দেড়শ’ ছোট বড় ঘর আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। খবর পেয়ে উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে বাউনিয়া গ্রামে আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় স্কুলের পাশে খোরশেদ আলী মাতাব্বরের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্না ঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডে বস্তির প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন বস্তিবাসি।
ইত্তেফাক/ইউবি