বারদী ইউনিয়নের ফুলদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নজরুল ইসলাম (৩৭) নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় একটি বিদেশি রিভালবার, এক রাউন্ড গুলিসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ডাকাতদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোনারগাঁও থানার ওসি মো. মোরশেদ আলম পিপিএম জানান, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বারদীর ফুলদী বাগেরপাড়া গ্রামের নির্জন এলাকায় ১৫/২০জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সোনারগাঁ থানার ওসিসহ ৩টি টিম ডাকাত দলকে ঘেরাও করে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের উপর অর্তকিত গুলি করতে করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে নজরুল ইসলাম নামে এক ডাকাত মারাত্বকভাবে আহত হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ডাকাতকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাকাতদের ছোড়া গুলিতে সোনারগাঁ থানার এএসআই মো. ছামান মিয়া ও কনস্টেবল মো. মমিন আহত হয়। আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভালবার, ৩টি ধারালো ছোড়া, চাপাতি ও লোহার কাওয়াল উদ্ধার করে।
ওসি আরো জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে সোনারগাঁ, আড়াইহাজার, বন্দর, নরসিংদীসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও অপহরণসহ ১০/১২টি মামলা আছে। নজরুল হত্যা ও অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
ইত্তেফাক/আরকেজি