লক্ষ্মীপুরে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, সড়ক যোগাযোগ বন্ধ

 
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার-সোনাপুর সড়কে আজাদনগর এলাকায় ভূলুয়া নদীর ওপরের বেইলি ব্রিজ ভেঙ্গে ইট বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে ওই ট্রাকের চালক ও সহকারীসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পর থেকে ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা বাড়ি ফিরতে চরম দুর্ভোগে পড়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইট বোঝাই ট্রাকটি রামগিতর চর আলগী এলাকা থেকে নোয়াখালীর সোনাপুরে যাচ্ছিলো। পথে ব্রিজের মাঝামাঝি পৌঁছলে ব্রিজটি ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। 
 
এতে চালক মো. মামুন (৩৫) সহকারী মো. সোহেল (৩০) ও পথচারী সিদ্দিক মাঝি (৪৫) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ব্রিজ ভেঙ্গে যাওয়ার পর থেকে রামগতি থেকে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় ওই সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
 
রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুত চলাচল স্বাভাবিক ও যোগাযোগের বিকল্প ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।
 
ইত্তেফাক/আরকেজি