মোহনগঞ্জে টাকা ছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকার বাড়ইচিড়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ মাছ ঘাটের আড়তদার মালেদ মিয়ার ম্যানেজার সমর গোস্বামী, রাতে আড়ত থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় পথে রাত ১১.৩০মিনিটের সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩ ছিনতাইকারী তার ওপর চড়াও হয়। এ সময় সমর গোস্বামীকে মারধর করে তার নিকট থাকা পৌনে এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীররা পালিয়ে যাওয়ার সময় সমরের চিৎকার শুনে গ্রামেবাসীরা ১ ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

অপরদিকে পুলিশ অভিযান চালিয়ে আরও ১জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো খোরশেদ মিয়া (২০) ও মনির হোসেন (২২)। অপর আসামি হৃদয় মিয়া পলাতক। সকলের বাড়ি মোহনগঞ্জ পৌর এলাকার টেংঙ্গাপাড়া রেল কলোনীতে।

মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাৎ আলী জানান, থানায় মামলা হয়েছে। তবে এখনও টাকা উদ্ধার হয়নি। গ্রেপ্তারকৃত খোরশেদ ও মনিরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক চিনতাইকারী হৃদয় মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু