হাটহাজারীর হালদা নদীতে আবারও মৃত ডলফিন

হাটহাজারী হালদা নদীতে আবারো মৃত ডলফিন ভাসতে দেখেছে স্থানীয় জনতা। ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ৫৮ মিনিটের দিকে পশ্চিম গুজরা দমখালী খালের আজিমের ঘাটে প্রায় ৬ ফিট লম্বা এ মৃত ডলফিনটিকে ভাসতে দেখেন স্থানীয়রা।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা যায়, পশ্চিম গুজরা দমখালী খালের আজিমের ঘাটা নামক স্থানের হালদা নদীতে স্থানীয়রা মৃত ডলফিনটি ভাসতে দেখে সাংবাদিকদের খবর দেয়। এদিকে খবরটি আশেপাশে ছড়িয়ে পড়লে মৃত ডলফিনটিকে দেখতে সেখানে লোকজন জড়ো হতে থাকে।

ধারণা করা হচ্ছে ডলফিনটি হালদার জোয়াড়ে কোন স্থান থেকে এসে এ এলাকায় আটকে গেছে। হালদা নদীতে একের পর এক ডলফিন মারা যাওয়ায় স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে মৎস্য কর্মকর্তা এবং প্রশাসনের নিরব ভুমিকাকে দায়ী করেছেন সচেতন মহল।

উপজেলা মৎস কর্মকর্তা বলেন, বিরল প্রজাতির ডলফিনগুলো মিঠা পানিতে থাকে। এটি কোন জলযানের আঘাতে বা অসুস্থতার কারনে মৃত্যু হতে পারে। আমি একটু আগে খরব পেয়েছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের অধ্যাপক ড মোঃ মনজুরুল কিবরিয়া বলেন, বালু উত্তোলনকারী ড্রেজারের আঘাতে এসব বিরল প্রজাতির প্রাণীদের মৃত্যু হয়। এমন প্রাণীর সংখ্যা ২শতের অধিক। তাই তাদের রক্ষা করতে হলে হালদা থেকে বালু খেকোদের এবং উত্তোলনকারী ড্রেজারগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি।

উল্লেখ্য, গত এক মাসে হালদা নদীতে আরো ৪টি মৃত ডলফিন ভেসে উঠেছে।

ইত্তেফাক/নূহু