বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
 
রাত ৮টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং উপ-দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া।
 
গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।
 
জানা গেছে, আওয়ামী লীগের এই সিদ্ধান্ত সরাসরি রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া এখন আনুষ্ঠানিকতা মাত্র। বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। ফলে এবার নির্বাচিত হলে এটাই হবে আবদুল হামিদের শেষ মেয়াদ।
 
পাঁচ বছর আগে দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে জাতীয় সংসদের স্পিকার ছিলেন ৭৪ বছর বয়সী আবদুল হামিদ। প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে সাতবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জের হাওরাঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
 
আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে হয়েছে সংসদ সদস্যদের। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।
 
এই বছরেই সরকারের মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকায় নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক মহলে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ