বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার অন্ধকারে যাবে: খালিদ

 
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে লুটপাট, দুর্নীতি আর হানাহানিতে দেশ আবারো অন্ধকারের গহ্বরে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়ন আর মানবতার মডেল। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারো একশ’বছর পিছিয়ে যাবে। 
 
জেলার বোচাগঞ্জের মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর ও উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন ও পাকা রাস্তার উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
 
খালিদ বলেন, দেশের শিক্ষাখাতে অভাবনীয় উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। শত শত নতুন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়েছে। হাজার হাজার শিক্ষককে জাতীয়করণের আওতায় আনা হয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে  নতুন বই। দেয়া হচ্ছে মিড ডে মিল, উপবৃত্তি। নতুন নতুন ভবন হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে। তেমনি গণমানুষের কথা চিন্তা করে সরকার স্বাস্থ্য ও কৃষি খাতেও প্রচুর উন্নয়ন করেছে। কমিউনিটি হেলথ ক্লিনিক, কৃষকদের জন্য ভর্তুকি। ইউনিয়ন পরিষদে হচ্ছে ডিজিটাল অফিস। সেখান থেকে সব রকমের ডিজিটাল সুবিধা পাবে জনগণ। 
 
উন্নয়নের এ ধারা ধরে রাখার আহ্বান জানিয়ে খালিদ বলেন, বিএনপি আবারো ক্ষমতায় আসলে বিদ্যুৎ কমে যাবে, শিক্ষার হার কমে যাবে। কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে যাবে। সারের জন্য কৃষক মারা যাবে। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। বাংলা ভাইদের উত্থান হবে, জঙ্গি-সন্ত্রাসের দেশ হবে বাংলাদেশ। তাই সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। উন্নয়নকে ধরে রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। দুর্নীতিবাজদের চিরতরে বর্জন করতে হবে। 
 
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারওয়ার মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী। এর পরে বিরল উপজেলার নবগঠিত রাজারামপুর ইউনিয়নের নতুন চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালিদ মাহমুদ চৌধুরী।