নওগাঁর মান্দায় ঐতিহাসিক পুরাকীর্তি কুসুম্বা মসজিদে শুক্রবার মানত দিতে এসে এক নারী যৌন হয়রানীর শিকার হয়েছেন। ঘটনার প্রতিবাদ করায় দুই দর্শনার্থীকে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা।
আহতরা হলেন- পলাশ (২২) ও রাহিত (১৭)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
দর্শনার্থী শাহিন জানান, বাচ্চার মানত দিতে নওগাঁর মহাদেবপুর ঘোষপাড়া থেকে দুই বাস নিয়ে বেলা ১১টার দিকে কিছু লোক কুসুম্বা মসজিদে আসেন। জুমার নামাজের পর তাদের নিকটাত্মীয় এক নারীকে উত্যক্ত শুরু করে স্থানীয় বখাটে মেহেদী ও নিপ্পন। এ ঘটনার প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে দর্শনার্থীদের বাকবিতণ্ডা হয়।
পরে তারা সংঘবদ্ধ হয়ে লাঠি-সোটা নিয়ে দর্শনার্থীদের ওপর হামলা করে। মেহেদী হাসান কুসুম্বা দীঘিরপাড় এলাকার সাদেকুল ইসলামের ও নিপ্পন একই এলাকার নুরুল ইসলাম ওরফে নুরুর ছেলে। বখাটেদের মারপিটে পলাশ ও রাহিত নামে দুই দর্শনার্থী আহত হন।
থানার পরিদর্শক তদন্ত মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় সদর উপজেলার লস্করপুর এলাকার তারেক হোসেন বাদী হয়ে মেহেদী, নিপ্পনসহ অজ্ঞাতনামা ১০-১২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
কুসুম্বা মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, বখাটেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি