তেতুলিয়া রিভার ইকোপার্ক পরিদর্শন

 
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলমসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার বোরহানউদ্দিন উপজেলার ‘তেতুলিয়া রিভার ইকোপার্ক'টি পরিদর্শনে গেছেন। ইকোপার্কটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। 
 
জানা যায়, উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে গংগাপুর ইউনিয়নের সিকদারের চর মৌজায় তেতুলিয়া রিভার ইকোপার্ক'টি অবস্থিত। এর আয়তন প্রায় ২ দশমিক ৫০ বর্গকিলোমিটার। ইতোপূর্বে জায়গাটি পরিত্যক্ত একটি বেড়ি ছিল।
 
ইলিশ রক্ষা অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূসের নজরে আসে স্থানটি। উপজেলা প্রশাসনের উদ্যোগে সিদ্ধান্ত নেন পার্ক তৈরি করার। এরপর অক্টোবর ২০১৬ এর মাঝামাঝি সময়ে কাজ শুরু করেন। 
 
ওই বছরের ১৫ ডিসেম্বর ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল আনুষ্ঠানিকভাবে তেতুলিয়া রিভার ইকোপার্ক নামকরণ ও উদ্বোধন করেন। 
IMG0
উল্লেখ্য, জায়গাটির স্বল্প দূরত্বে “শাহবাজপুর গ্যাসফিল্ড” ও “২২৫ মেগাওয়াট কম্বাইড সাইকেল পাওয়ারপ্লান্ট” অবস্থিত। পশ্চিমে তেতুলিয়া নদী। বর্তমানে তেতুলিয়া নদীতে অসংখ্য ছোট-বড় চর জেগে উঠেছে।  
 
পরিদর্শনকারী দলে ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার) সোলতান আহমদ, উপসচিব (প্রশাসনিক সংস্কার) আলতাফ হোসেন শেখ, উপসচিব (কর্মসম্পাদন ও ব্যবস্থাপনা) মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার শিকদার, মাহমুদুর রহমান (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, আরডিসি মো. আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।
 
উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদদূস বলেন, বোরহানউদ্দিনকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। 
 
ইত্তেফাক/আরকেজি