নাফ নদীতে মাছ শিকাররত বাংলাদেশি জেলেদের উপর গুলিবর্ষণ করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এতে ১ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তাছাড়া পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি।
গুলিবিদ্ধ জেলের নাম- নুরুল ইসলাম (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়ার ফকির মোহাম্মদের ছেলে। অপহৃতরা হলেন- একই অঞ্চলের আব্দুল গফুরের ছেলে আজিজুল্লাহ, মৃত আব্দুল শুক্কুরের ছেলে ইয়াবার মোহাম্মদ, মৃত নুরুল আলমের ছেলে শাহ আলম, আব্বাসের ছেলে মো. রফিক ও আব্দুল জলিলের ছেলে পেটান আলী।
জানা যায়, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঞ্জরপাড়া সংলগ্ন নাফনদীর পয়েন্ট দিয়ে একদল জেলে মাছ শিকার করছিলেন। এ সময় মিয়ানমারের শীলখালী ঘাঁটির বিজিপি'র একটি বিশেষ টহল দল স্পিডবোট নিয়ে এসে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ জেলেকে ফেলে নৌকা ও জালসহ তাদের মধ্যে পাঁচজনকে ধরে নিয়ে যায় বিজিপি। তখন গুলিবিদ্ধ জেলের অপর সহযোগীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কাঞ্জরপাড়া বাজারে নিয়ে আসে। তাকে কুতুপালং শরণার্থী ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে অপহৃত পাঁচ জেলে পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
এক জেলে গুলিবিদ্ধ ও পাঁচ জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন স্থানীয় মেম্বার আব্দুল গাফ্ফার। এই ব্যাপারে টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, নাফনদীতে মাছ শিকার বন্ধ করা হলেও জেলেরা চুরি করে জলসীমা অতিক্রম করায় এই ঘটনার সূত্রপাত। তবে অপহৃত জেলেদের ফিরে আনার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসএস