সুনামগঞ্জ শহরতলির গণিপুরে পুলিশের কাছ থেকে নারী নির্যাতন মামলার আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে এই ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, শহরতলির ওয়েজখালীর বাসিন্দা গণিপুর মসজিদের ইমাম আতাউর রহমান একটি নারী নির্যাতন মামলার আসামি। তাঁর স্ত্রী হাবিবা আক্তারের দায়ের করা এই মামলায় আজ সকাল ১০ টায় সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ গণিপুরের এনাম মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় হাতকড়া লাগানোর আগেই গ্রামের নূর মিয়াসহ কয়েকজন তাকে ছেড়ে দেবার জন্য চাপ দেয়। এক পর্যায়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে হাতাহাতি এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় গ্রেফতারকৃত আতাউর রহমানকেও ছিনিয়ে নেয় গ্রামবাসী। ঘটনার পর পুরো গ্রাম মানুষ শূন্য হয়ে পড়েছে। এ ঘটনায় ৪ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় পৌর কমিশনার খুর্শেদ আলম বলেন, গ্রামবাসী কেন আসামি ছিনতাই করলো জানা যায়নি। আসামিকে পুলিশের হাতে তুলে দেবার চেষ্টা করছেন বলে জানান তিনি।
থানার সাব-ইন্সপেক্টর আলমগীর জানালেন, 'গ্রেফতারকৃত আতাউর রহমান নারী নির্যাতন মামলার আসামি বলার পরও গ্রামের নূর মিয়াসহ বেশ কিছু নারী পুরুষ তাদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।'
এব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শীদুল্লাহ আসামি ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারী আসামিকে গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এসএস