সাতক্ষীরায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় ও আশাশুনি উপজেলার বেতনা নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী মামুন পরিবহন থেকে ফিরোজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার দক্ষিণ ল্যাংগাপাড়া এলাকার মৃত ময়না মিয়া তালুকদারের ছেলে। তার শ্বশুরবাড়ি সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফিরোজ মিয়া স্ট্রোক-জনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে, তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে, আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামের বেতনা নদীর পাড় থেকে ইসরাফিল হোসেন বুড়ো (১৮) নামের এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের মোসলেম সরদারের ছেলে।
নিহতের পিতা মোসলেম সরদার জানান, ইসরাফিল হোসেন বুড়ো প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে অনেক খোঁজা-খুঁজির পর তাকে কোথাও পাওয়া যায়নি। পরদিন শনিবার বেলা ১১টার দিকে মহেশ্বরকাটি গ্রামের পাশে বেতনা নদীর চরে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
ইত্তেফাক/এসএস