এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী শিক্ষক শামসুর রহমানকে সাতদিনের বিনাশ্রম কারাদনণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার জিলা স্কুলের পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে ডিউটিরত শিক্ষক শামসুর রহমান নৈর্বত্তিক প্রশ্নের উত্তর তৈরি করছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি শরীফ উল্ল্যাহ ওই শিক্ষককে হাতেনাতে আটক করেন এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে সাতদিনের কারাদণ্ড দেন।
এনডিসি শরীফ উল্ল্যাহ জানান, বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে সকাল সোয়া ১০টার দিকে তিনি জিলা স্কুলে পরীক্ষার হল পরিদর্শনে যান। পরীক্ষা হলের একটি কক্ষে নৈর্বত্তিক প্রশ্নের উত্তর তৈরিরত অবস্থায় শিক্ষক শামসুর রহমানকে হাতে-নাতে আটক করা হয়। পরে স্কুল চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষক শামসুর রহমানকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। শামসুর রহমান জিলা স্কুলের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক এবং তার বাড়ি খুলনায়।
ইত্তেফাক/ইউবি